এক রাতে ভারতের ১২ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান
- আপডেট সময় : ০৮:৫১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ আন্তর্জাতিক ডেস্ক: বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ভারত গত রাতে “বিভিন্ন স্থানে হেরাপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরো একটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্কতার উচ্চ পর্যায়ে থাকা অবস্থায় এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ১২টি হেরাপ ড্রোন ধ্বংস করেছে।”
আইএসপিআরের মহাপরিচালক জানান, ১৩তম ভারতীয় ড্রোন ‘লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আংশিকভাবে আঘাত করতে সক্ষম হয়েছে।’ এতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন।
তিনি বলেন, “লাহোরের কাছে এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন এবং সরঞ্জামের আংশিক ক্ষতি হয়েছে।”




















