শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছে: জাগপা
- আপডেট সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
সদ্য পলায়নকারী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছে এমন দাবি করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের খুনি ও স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ সময় শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্র নিউইয়র্ক একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ও ভারতীয় আগ্রাসন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রহমত উল্লাহ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর ভারতে বসে ভাড়াটিয়া সন্ত্রাসী, চোর-ডাকাত ও ইসকন সদস্যদের দিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে এবং ভারতীয় ‘র’ ও তাদের দোসররা সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।
তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক যুদ্ধা। আমরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবো।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি




















