গ্যাস-বিদ্যুৎ সংকট ও নেস্কোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি ১১ দলীয় ঐক্যের
- আপডেট সময় : ০১:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নেসকো বগুড়ায় স্থানান্তরের প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট, লাগামহীন দ্রব্যমূল্য এবং ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একই সঙ্গে নেস্কোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের পরিকল্পনা এ অঞ্চলের মানুষের স্বার্থবিরোধী বলে তারা মন্তব্য করেন।
বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিং বন্ধ এবং নেস্কোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান। মানববন্ধন শেষে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা, মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, এনসিপির রাজশাহী মহানগরীর আহব্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিসমূহ উল্লেখ করে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।




















