রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির বর্ষা উৎসব ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আসেফ আবিদ: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) উদ্যোগে ঋতুরাজ বর্ষাকে বরণ করে নিতে ‘বর্ষা উৎসব ও মধ্যাহ্নভোজ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করা হয়।সকাল থেকেই রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
যৌথ উদ্যোগে উৎসবের প্রস্তুতিউৎসবকে সফল করতে সকাল থেকেই সদস্যদের মাঝে কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। কেউ বাজার করা, কেউ রান্নার উপকরণ কাটাকুটি করা, আবার কেউ রান্নার তদারকিতে ব্যস্ত ছিলেন। কাজের ফাঁকে ফাঁকে সদস্যদের আড্ডা, গান ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময় পুরো আয়োজনকে একটি মিলনমেলায় পরিণত করে।
আনন্দ আড্ডা ও খেলাধুলামধ্যাহ্নভোজের পাশাপাশি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে সংগঠনের সদস্যদের জন্য বিশেষ খেলাধুলার আয়োজন করা হয়। দৈনন্দিন সংবাদ সংগ্রহ ও পড়াশোনার ব্যস্ততার বাইরে এসে সদস্যরা এই আনন্দ আড্ডায় মেতে ওঠেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহীম আলি বর্ষাকে বরণ করে নেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সাংবাদিকদের জ্ঞানের পরিধি বাড়াতে বেশি বেশি পড়াশোনা করতে হবে। পড়াশোনাই পারে লেখনীকে আরও ধারালো ও সুন্দর করতে।” তিনি তথ্য ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে রাজশাহী কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং নানা সাফল্য দেশবাসীর সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির শিক্ষক উপদেষ্টা আজমত আলি রকি ,রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এনটিভির রাজশাহীর নিজস্ব প্রতিবেদক স.ম. সাজু , সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাসেল মুস্তাফিজ, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ , মিম ওবায়দুল্লাহ ,সাংগঠনিক সম্পাদক হাদিসুর রহমান ও রাজশাহীর সিনিয়র সাংবাদিক বৃন্দ, যারা শিক্ষার্থীদের এই সৃজনশীল কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনা দেন।
সংগঠনটির সভাপতি আব্দুল আলিম বলেন, “রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি সবসময় ক্যাম্পাসে সুস্থ ধারার সাংবাদিকতা চর্চা করে আসছে। আগামীতেও সব সদস্য পেশাদারিত্ব বজায় রেখে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা করবে—আজকের এই উৎসবের দিনে এটাই আমাদের মূল প্রত্যাশা।”মধ্যাহ্নভোজের ও আড্ডার মাধ্যমে আরসিআরইউ-এর এই আনন্দঘন বর্ষা উৎসবের সফল সমাপ্তি ঘটে।




















