এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ও হাজী শরীয়তুল্লাহর বংশধর
- আপডেট সময় : ১২:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোহাম্মদ নাদিমুর রহমান তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাই তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে অনলাইনে যুক্ত রয়েছেন। ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় চার হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তবে তাঁদের সবাই এ সময় উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৫০ সদস্য ছিলেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, ‘হাজী শরীয়াতুল্লাহর উত্তরসূরি হওয়ার পরেও আমি এনসিপিতে একজন কর্মী হয়ে কাজ করব।’
আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন বলেন, ‘হাজী শরীয়তুল্লাহ কোনো রাজা ছিলেন না, হাজী শরীয়াতুল্লাহ এদেশের সাধারণ কৃষক জনগণের নেতা ছিলেন। নেতা আর রাজা হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা কোনো নেতার ইবাদত করি না। আমরা এই জন্য দল করি, যেন আমাদের নেতা যদি বিপথে চলে যায়, আমরা যেন সত্য বলে তাঁকে ফিরিয়ে আনতে পারি। আমরা এ জন্য দল করি, যদি আমাদের দলের ভুল সিদ্ধান্ত হয়, সেখানে যেন আমি ন্যায়ের পক্ষে কথা বলতে পারি। আমি অন্যায়ের বিপক্ষে যেন দাঁড়াতে পারি।’
দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেন, স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে তারা নিজেদের ভাগ বাঁটোয়ারা আর লুটপাটের চাঁদাবাজির একটা সেক্টর বানানোর চেষ্টা করছে। তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে সিটি করপোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন দিতে হবে। এ বছরের মধ্যেই তাদেরকে দিতে হবে।’
দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে তারা বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি যে বিগত সময়ে যারাই এভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সঙ্গে তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে।’
আসিফ মাহমুদ বলেন, ‘হোসাইন মুহাম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তারা বারবার গণতন্ত্রকে তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন।’
সংবাদ সম্মেলনে নতুন যোগদান দেওয়াদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ৷




















