হাওরাঞ্চল নিয়ে ৪ দফা দাবি জানিয়ে জরুরি হস্তক্ষেপের কামনা এনসিপির
- আপডেট সময় : ০৪:০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জরুরিভিত্তিতে হাওরাঞ্চলে পর্যাপ্তসংখ্যক কম্বাইন হারভেস্টার সরবরাহ এবং ধান কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিক নিশ্চিত করাসহ ৪ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।অন্য তিন দফা দাবির মধ্যে রয়েছে— ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং ন্যায্য ক্ষতিপূরণ প্রদান; ফসল রক্ষা বাঁধসমূহ দ্রুত মেরামত ও শক্তিশালীকরণ, পাশাপাশি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ এবং সরকারি ধান সংগ্রহ কার্যক্রম দ্রুত শুরু করে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা।
গতকাল বুধবার এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি উত্থাপন করে জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করা হয়।
এতে বলা হয়, নেত্রকোণা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢল এবং আকস্মিক প্লাবনের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বহু এলাকায় কৃষকরা পানিবন্দি অবস্থায় তাদের পাকা ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। কোথাও কোথাও ধান কাটা শুরু হলেও তা স্বাভাবিক গতিতে এগোচ্ছে না। অনেক পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গভীর উদ্বেগ প্রকাশ করে এনসিপি বলেছে, বিদ্যমান শ্রমিক সংকট, আধুনিক কৃষিযন্ত্রের অপ্রতুলতা এবং ফসল রক্ষা বাঁধের দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে কৃষকের সারা বছরের পরিশ্রম ও একমাত্র ফসল আজ প্রকৃতির বিরূপতা এবং ব্যবস্থাপনার ঘাটতির দ্বৈত চাপে মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাওর অঞ্চলের কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। তাদের এই দুর্দিনে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বিলম্ব হলে তা জাতীয় খাদ্য ব্যবস্থা ও অর্থনীতির ওপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এনসিপি আশা করে, সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষকের ফসল ও জীবন-জীবিকা রক্ষায় দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।




















