প্রসঙ্গ অনলাইন: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নিজেরা বাহবা নিতে পরীক্ষার হলে প্রবেশ করলে তাদের পাস করিয়ে দিয়েছে। এ কারণে শিক্ষার গুণগত মান শেষ হয়ে গেছে। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
সোমবার যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে হবে। এ জন্য আগে ঠিক হতে হবে শিক্ষকদের। কেউ আদেশের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলাম, যশোর-৬ আসনের অধ্যাপক মোক্তার আলী, যশোর-৫ আসনের অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহ-৩ আসনের মতিউর রহমান, বাগেরহাট-৪ আসনের আব্দুল আলিম ও নড়াইল-২ আসনের আতাউর রহমান বাচ্চু।
এসময় যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নূরুল হক ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন উপস্থিত ছিলেন।




















