ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন: হাসনাত আবদুল্লাহ
- আপডেট সময় : ০৩:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ মানুষের সবচেয়ে কাছের সেবাকেন্দ্র। এখানে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন খারাপ আচরণ বা অবহেলার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিশেষ করে নারীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়, পরিষদে গেলে অনেক সময় তাঁদের সঙ্গে যথাযথভাবে কথা বলা হয় না এবং দুর্ব্যবহার করা হয়। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংসদ সদস্য আরও বলেন, মানুষ অকারণে ইউনিয়ন পরিষদে আসেন না। সাধারণত কোনো প্রয়োজন বা সমস্যার কারণেই তাঁরা পরিষদে আসেন। তাই তাঁদের সঙ্গে আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে আচরণ করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
হাসনাত আবদুল্লাহ বলেন, অনেক সময় কেউ কেউ অনৈতিক সুবিধা নিতে ইউনিয়ন পরিষদে আসেন, যেমন জন্মনিবন্ধনে বয়স কম থাকলে তা বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা কিংবা বিদেশে যাওয়ার জন্য বয়স পরিবর্তনের চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে কেউ যদি টাকা দিয়ে এমন কাজ করানোর চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এ ধরনের অনৈতিক কাজে সহযোগিতা না করার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেন।
এ সময় ভূমি অফিস ও তহসিল অফিসের কার্যক্রম নিয়েও মানুষের মধ্যে অসন্তোষের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব দপ্তরের কর্মকর্তাদের আরও দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।
ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কোনো চেয়ারম্যান বা ইউপি সদস্য যদি নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতে আপনাদের চাপ দেন, তাহলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে হবে।’




















