জাতীয় ডেস্ক: ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদ ইসলাম হাইকোর্টে এই রিট করেছেন।
আজ সোমবার হাইকোর্টে রিটটি করা হয়েছে বলে সাংবাদিকদের জানান নাহিদ ইসলামের রিটের পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মূসা। এই আইনজীবী বলেন, আগামীকাল হাইকোর্টে এই রিটের শুনানি হতে পারে।
ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ঢাকা-১১ আসন রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা নিয়ে গঠিত।
সূত্র : বাসস





















