একটি দল ধর্মের নামে ‘ট্যাবলেট’ বেচে মানুষকে প্রতারণার পরিকল্পনা করছে: সালাহউদ্দিন
- আপডেট সময় : ১০:১৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদের জনগণ এরই মধ্যে চিনেছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’ আজ সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা (জামায়াত) কেবলই বলছে যে, এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কীভাবে চলব এর কোনো বক্তব্য নাই।’ তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাসস্ট্যান্ড কোথায় একটু আগে জেনে নেবেন।’ তিনি বলেন, ‘জনগণ এখন এসব বোঝে।’
সালাহউদ্দিন তারেক রহমানের দেওয়া স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’-এর কথা উল্লেখ করে বলেন, ‘সমস্ত কর্ম পরিকল্পনায়, সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমাদের স্বার্থটা ওপরে সবার ওপরে বাংলাদেশ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হোন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় ছাত্রদলের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।





















