গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:১৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
মুজাহিদুল ইসলাম: গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলি বাহিনীর হামলা, মানবাধিকার কর্মীদের আটক, ফিলিস্তিদের উপর চলমান গণহত্যা ও উচ্ছেদের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নগরীর জিরো-পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকির রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, রাজশাহী পূর্ব জেলা ছাত্রশিবিরের সভাপতি রুবেল আহমেদ, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজিরসহ ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, মানবাধিকার কর্মীদের ওপর অন্যায় হামলা মানবাধিকারের প্রতি বড় প্রশ্ন তুলে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিনমুখী প্রাণবাহী জাহাজকে অবিলম্বে প্রবেশের অনুমতি দিতে হবে। পাশাপাশি জাতিসংঘকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির বলেন, বারবার ফিলিস্তিনে হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা একটি স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই। জাতিসংঘকে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করতে হবে এবং মানবতা রক্ষায় ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, কর্মসূচি শুরুর আগে জিরো-পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে মিছিলটি সিটি সেন্টার গলি হয়ে সিটি কলেজ হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালীন নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেন এবং মিছিল শেষে বাটার মোড় এলাকায় আবারও নেতৃবৃন্দরা বক্তব্য রাখার মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।




















