রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রচার ও মিডিয়া কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রচার ও মিডিয়া এবং নিবন্ধন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( সেপ্টেম্বর ৩) সন্ধ্যা ৬টায় রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে শুরু হওয়া এই সভায় রাজশাহী কলেজের ঐতিহ্যবাহী ১৫০ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে প্রচার ও জনসংযোগ কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
১৫০ বছর উদ্যাপন আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহীম আলী বলেন, রাজশাহী কলেজের ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে একটি স্মারক স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এ পর্যন্ত দায়িত্ব পালন করা কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি ফটো গ্যালারি তৈরির পরিকল্পনাও রয়েছে।
তিনি আরো জানান রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে পদকপ্রাপ্ত, পদকধারী মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কৃতী ও গুণী অ্যালামনাইদের সম্মাননা পদক দেওয়ার চেষ্টা করা হবে। ১৫০ বছর পূর্তির আয়োজনের মাধ্যমে তাঁদের অবদান স্মরণ ও সম্মান জানানো হবে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, প্রচার ও মিডিয়া কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, রাজশাহী কলেজ এইচএসসি এলামনাস এসোসিয়েশনের সদস্যবৃন্দ সহ রাজশাহী কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন ক্লাবের সদস্য ও সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সভায় জানানো হয়, প্রস্তুতিমূলক আলোচনা শেষে প্রচার, মিডিয়া ও নিবন্ধন কমিটির মূল কমিটি ঘোষণা করা হবে। এরপর নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সংশ্লিষ্টরা অনুষ্ঠানটির প্রচার, গণমাধ্যমে তথ্য প্রচার এবং নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবেন এবং আগ্রহী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে এই ঐতিহাসিক আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।




















