রাজশাহী কলেজে ক্যারিয়ার রোডম্যাপ সেশন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব (আরসিসিসি)-এর উদ্যোগে ‘ক্যারিয়ার রোডম্যাপ সেশন-৭’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ক্লাবের সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী ইসতিয়াক আমিন বিশাল ও সদস্য কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনা সম্পূর্ণ শিক্ষার্থীর নিজের দায়িত্ব। অন্যের ওপর দোষারোপ না করে একাগ্রতার সঙ্গে অধ্যয়নে মনোযোগী হতে হবে। তিনি নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শুরুতে হোস্টেল জীবনে নানা সমস্যার মুখোমুখি হলেও পরবর্তীতে সহপাঠীরা পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। বর্তমান শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা আগের তুলনায় অনেক বেশি উল্লেখ করে তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ৪৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. আব্দুল মতিন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লাইব্রেরিতে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, যত বেশি পড়াশোনা ও অনুসন্ধান করা যাবে, তত বেশি জ্ঞান অর্জন সম্ভব হবে। তিনি যেকোনো বিষয় গভীরভাবে বোঝার ওপর গুরুত্বারোপ করেন।
আরেক আলোচক ব্র্যাক বাংলাদেশের রাজশাহী ব্রাঞ্চের ভিপি অ্যান্ড ক্লাস্টার ম্যানেজার মো. দুলাল মিয়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কর্মজীবনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান এবং রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের শিক্ষক উপদেষ্টা ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অনুতোষ কুমার প্রামাণিক।
এছাড়া ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম নূহ, যুগ্ম সম্পাদক এস এম শারাফাত হোসেন, সাংগঠনিক প্রধান ও কোষাধ্যক্ষ রিমা ইসলাম স্বর্ণালী, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান ও মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক তারিকুল ইসলাম তন্ময়, এইচআরডি সম্পাদক মৌমিতা প্রামাণিক, এইচআরডি উপ-সম্পাদক রুবাইয়াত ইসলাম তৃষা, আইসিটি সম্পাদক রুকাইয়া তাবাসসুম রিফাহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আযরাফ, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নুরে মিম, সহকারী যোগাযোগ সম্পাদক মোহাম্মদ তানভীর রহমানসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্যারিয়ার রোডম্যাপ সেশন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















