৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
- আপডেট সময় : ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় শ্রী দেব চন্দ্র দাস (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে নগরীর মতিহার থানার মোহনপুর এলাকার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে বেলা ১১টায় র্যাব-৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৫-এর অধিনায়ক মেজর মনজুরুল কবির। গ্রেপ্তারকৃত দেব চন্দ্র দাস চারঘাট থানার আরজিসাদীপুর হঠাৎপাড়া গ্রামের শ্রী জয় চন্দ্র দাসের ছেলে।
র্যাব জানায়, বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে আরজিসাদীপুর গ্রামের শ্রী রিপন চন্দ্র দাসের সাত বছর বয়সী কন্যাশিশু প্রতিবেশী দেব চন্দ্রের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরের চৌকির ওপর নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।
পরে শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে অভিযুক্তের বাড়ির বারান্দায় কান্নারত অবস্থায় দেখতে পান। বাড়িতে এনে গোসল করানোর সময় শিশুটির পোশাকে ধর্ষণের আলামত দেখতে পেয়ে তিনি বিষয়টি শিশুটির বাবাকে জানান। জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার কথা জানালে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
মেজর মনজুরুল কবির বলেন, ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দিনই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলার পরপরই র্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে। তাকে চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।




















