১৯২ স্বাস্থ্যকেন্দ্র সরকারীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: দেশের ১৯২টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার সরাসরি স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে পরিচালনা এবং বর্তমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি শতভাগ বহাল রাখাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী সিটি করপোরেশন এলাকার আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো দীর্ঘদিন ধরে নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। জনস্বার্থে এসব স্বাস্থ্যসেবা কেন্দ্র কোনো বেসরকারি সংস্থা (এনজিও) বা তৃতীয় পক্ষের হাতে না দিয়ে সরাসরি সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে পরিচালনার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, এনজিও পরিচালিত ব্যবস্থায় অনেক ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা নানাভাবে হয়রানির শিকার হন এবং রোগীদের কাছ থেকেও বিভিন্ন সেবার নামে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। তারা বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সরকারিভাবে পরিচালিত হলে সাধারণ মানুষ স্বল্প খরচে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য স্বাস্থ্যসেবা আরও সহজে ও সাশ্রয়ীভাবে পেতে পারবেন।
এ সময় তারা বর্তমানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর চাকরি বহাল রাখার পাশাপাশি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করে বলেন, জনগণের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নগর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলবে।





















