বিএনপি-জামায়াত সংস্কারবিরোধী, গণপ্রতিরোধে সংস্কার সম্ভব: জেডিপি
- আপডেট সময় : ০৯:১৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ক্ষমতাসীন বিএনপি ও বিরোধীদল জামায়াতে ইসলামীকে ‘নীতিগতভাবে সংস্কারবিরোধী’ আখ্যা দিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) বলেছে, দেশে চলমান সংকট থেকে দৃষ্টি সরাতেই অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। গণপ্রতিরোধের মাধ্যমেই কাঙ্ক্ষিত সংস্কার আদায় সম্ভব। জনগণকে সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান গ্রহণকারী দলগুলোর পাশে দাঁড়াতে হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন জেডিপি আহ্বায়ক নাঈম আহমাদ।
এ পরিস্থিতিতে গণপ্রতিরোধের মাধ্যমেই কাঙ্ক্ষিত সংস্কার আদায় সম্ভব উল্লেখ করে জেডিপি আহ্বায়ক বলেন, বিএনপি-জামায়াত ভোটের রাজনীতিতে সংস্কারের পক্ষের শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করলেও বাস্তবে তারা নীতিগতভাবে সংস্কারপন্থি নয়।
সংবাদ সম্মেলনে জ্বালানি, কৃষি ও হকার উচ্ছেদ ইস্যুতেও গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি সরবরাহে অনিয়ম হচ্ছে। সরকারদলীয় নেতাকর্মীদের যোগসাজশ আছে কিনা, তা তদন্ত করতে হবে। ডিজেল সংকট অব্যাহত থাকলে খাদ্যঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি সার সংকট নিয়েও উদ্বেগ জানিয়ে বলা হয়, পাঁচটি সরকারি সার কারখানার মধ্যে চারটিই বন্ধ রয়েছে।
সংবাদ সম্মেলনে কৃষকদের ন্যায্যমূল্যে নিরবচ্ছিন্ন ডিজেল ও সার সরবরাহের দাবিতে ১০ এপ্রিল বিকালে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে দলটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেডিপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম, প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রাহাত, যুগ্ম আহ্বায়ক মুত্তাকী বিন মনির, সাদমান আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নূরা জেরিন, যুগ্ম সদস্য সচিব মাহতাব হোসেন সাব্বির প্রমুখ।





















