‘নগদ’ প্রসঙ্গে যা বললেন ব্যারিস্টার আরমান
- আপডেট সময় : ০৩:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: আর্থিক অনিয়ম ও মালিকানা বিতর্কে থাকা মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ বেসরকারি খাতে ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে নতুন সরকারের নীতির ওপর। সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিলে তবেই বিনিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে আলোচনা চলছিল। সে ধারাবাহিকতায় গভর্নরের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নিজের ভূমিকা সম্পর্কে আরমান জানান, তিনি সংসদ সদস্য হিসেবে নন, একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
তিনি বলেন, আমি একজন পেশাদার আইনজীবী। এর আগে ডেল, মাইক্রোসফট, অ্যাপল ও উবারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এখন সম্ভাব্য বিনিয়োগকারীদের পক্ষে আইনি সহায়তা দিচ্ছি।
সম্ভাব্য বিনিয়োগকারীরা বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতে আগ্রহী বলেও জানান আরমান। তার ভাষ্য, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তারা বিনিয়োগের ক্ষেত্র খুঁজছিলেন। সরকারের সঙ্গে আলোচনায় আমরা তাদের আগ্রহের বিষয়টি জানিয়েছি। নগদে বিনিয়োগ লাভজনক হবে কি না, তা যাচাই করতে অডিট করার আগ্রহের কথাও গভর্নরকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য হওয়ার পর এমন প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করা স্বার্থের সংঘাত কি না, এমন প্রশ্নের জবাবে আরমান বলেন, সংসদ সদস্য হিসেবে এই দায়িত্ব পালন কোনো স্বার্থের সংঘাত তৈরি করবে না। রাজনীতি করছি জনগণের সেবার জন্য, এখানে কোনো আয় নেই। পরিবার চালানোর জন্য পেশা হিসেবে আইন চর্চা করি। এতে কোনো দ্বন্দ্ব নেই। তিনি বলেন, বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আন্তরিক।




















