নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: নির্বাচন-পরবর্তী সারাদেশে সহিংসতা, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। রোববার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়েছে জাতীয় প্রেসক্লাবে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এ সময় মহানগর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফল ঘোষণার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বিএনপির লোকেরা সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছে। তারা জামায়াতের দাঁড়িপাল্লা বা এনসিপির শাপলা কলি সহ ১১ দলীয় জোটের পক্ষে কাজ করা ও ভোট দেয়ার কারণে নিরীহ মানুষের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, হত্যা এমনকি নারীদের ধর্ষণের ঘটনাও ঘটছে। এসব অপকর্ম মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব সহিংসতা বন্ধ করার আহ্বান জানান তারা।
এদিকে একই ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির।




















