৪ আসনের বিনিময়ে জমিয়তের সঙ্গে বিএনপির সমঝোতা
- আপডেট সময় : ০৩:২৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, যে সমস্ত আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আজকে জমিয়তে ওলামায়ে ইসলাম, বাংলাদেশ আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। আমরা তাদের আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করছি যে তাদের এ উদ্যোগ যেন সফল হয়। বিএনপি মহাসচিব জানান, উনারা (জমিয়তে উলামায়ে ইসলাম) দলের নিজস্ব প্রতীক ‘খেজুর গাছ’ মার্কায় নির্বাচন করবেন।
বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে তারা যেন সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করেন। জনগণ যারা ভোটার আছেন, ওই সমস্ত এলাকায় তারা খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মো. মনজুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা আল হাবীব, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, মাওলানা শেখ মজিবুর রহমান, মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।




















