১০০ আসনে প্রার্থী চূড়ান্ত এনসিপির, ঘোষণা আজ
- আপডেট সময় : ১০:৫১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০০টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বড় কোনো পরিবর্তন না হলে আজই প্রার্থিতা ঘোষণা করা হবে। গতকাল সোমবার এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, প্রাথমিক ধাপে ১০০ আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। সব ঠিক থাকলে আজই ঘোষণা দেওয়া হবে, তবে প্রয়োজনে চূড়ান্ত তালিকা আগামী বুধবার প্রকাশ করা হবে।
দলীয় শীর্ষ নেতৃত্বের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ থেকে নির্বাচন করছেন, পাশাপাশি তিনি ঢাকা-৯ থেকেও প্রার্থী হতে পারেন। সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ থেকে লড়বেন। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাও এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন—স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১২ বা ঢাকা-১০ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ থেকে প্রার্থী হতে পারেন।
গত রোববার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে মুখপাত্র করে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে দলটি।




















