সাবেক ভূমিমন্ত্রীর ৩ সহযোগীর শেয়ার অবরুদ্ধের আদেশ
- আপডেট সময় : ১১:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা গেছে, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপপরিদর্শক মো. নাফিজুর রহমান এসব শেয়ার অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে বিদেশে পাঠাতে ও পুনরায় দেশে আনতে এবং অবৈধ উৎস গোপন বা আড়ালের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে মেঘনা ব্যাংক পিএলসিতে ৫৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনেন।
জমাকৃত টাকা দিয়ে মেঘনা ব্যাংক পিএলসিতে শেয়ার কেনার জন্য কমিউনিটি ব্যাংক পিএলসিতে হিসাব খোলা হয়। পরে মোট ৫৯ কোটি ৯৫ লাখ টাকা স্থানান্তর করা হয়।
মেঘনা ব্যাংক পিএলসিতে তিন অভিযুক্তের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করা না হলে এসব শেয়ার বিক্রি করে অভিযুক্তরা সহজেই টাকা উত্তোলন করে তা বেহাতের চেষ্টা করতে পারেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অভিযুক্তদের নামে থাকা শেয়ার মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪(১) ধারা মোতাবেক অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।





















