দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে, যাকাত তহবিল হস্তান্তর
- আপডেট সময় : ০৭:৪১:০২ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে জীবিকা উন্নয়ন কেন্দ্র পবা প্রকল্পের অধীনে দ্বিতীয় যাকাত তহবিল হস্তান্তর করা হয়েছে। নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় প্রকল্প টি বাস্তবায়ন করে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।
শনিবার ৪ অক্টোবর বেলা ১১টায় পবার ভেড়াপাড়ায় নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মসজিদে এই যাকাত তহবিল হস্তান্তর করা হয়।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেট (সিজেডএম) প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ৭১টি জীবিকা উন্নয়ন প্রকল্প / জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় জীবিকা উন্নয়ন কেন্দ্র পবা, রাজশাহী প্রকল্পের অধীনে দ্বিতীয় দফায় ৩৯৮ টি মুস্তাহিক পরিবারের মাঝে মোট ৪৬ লক্ষ ৮৫ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর উপলক্ষে এক অনাড়ম্বর তহবিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ মিজানুর রহমান, সিজেডএম-এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় এরিয়া ম্যানেজার।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন জীবিকা পবা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ।
পরে প্রকল্পের চারজন সদস্য তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। সদস্যদের অভিজ্ঞতা ও অনুভূতি শোনার পর জীবিকা পবা প্রকল্পের সামগ্রিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সিজেডএম-এর জীবিকা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক জনাব এনামুল হক।
এসময় সিজেডএম-এর জীবিকা প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সিজেডএম-এর সম্মানিত হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, কর্নেল (অব.) জাকারিয়া হোসেন। তিনি জানান, সিজেডএম ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষের বিভিন্ন সেবা প্রদান করে আসছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান জাহান বকস মন্ডল। তিনি বলেন, আপনাদের জন্য আমরা কাজ করছি। শুধু যাকাত দিয়েই আমরা সহযোগিতা করিনা। এর পাশাপাশি মসজিদের ইমাম,মাদ্রাসার ছাত্র, চিকিৎসা, দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থাসহ নারীদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য কর্মসংস্থান তৈরিতে কাজ করছি আমরা।
অতিথিদের বক্তব্যে সিজেডএম ও জীবিকা পবা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করা হয় এবং সদস্যদের সাফল্যের গল্প তুলে ধরা হয়। বিশেষ অতিথি কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম সদস্যদের সফলতার কাহিনী শুনে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৪টি দলের ১৪ জন নেত্রীর হাতে দ্বিতীয় তহবিলের চেক হস্তান্তর করা হয়।





















