সংবাদ শিরোনাম ::
‘এই সময়’কে সাক্ষাৎকার দেননি মির্জা ফখরুল: বিএনপি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি বলে দাবি করেছে দলটি। বুধবার দলটির সহ-দফতর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ভারতের কলকাতাভিত্তিক ‘এই সময়’ পত্রিকায় প্রকাশিত একটি সাক্ষাৎকার প্রতিবেদনকে কেন্দ্র করে সমালোচনার মুখে এমন দাবি করলো দলটি।
বিবৃতিতে বিএনপি জানায়, ‘‘সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’ কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে (এই সময়ের শিরোনাম ছিল- ‘BNP-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার) গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যা ডাহা মিথ্যা ও মনগড়া।’’
দলটির দাবি, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লিখিত বিদেশি (ভারতীয়) বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।




















