ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
মুজাহিদুল ইসলাম: পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের মিলনায়তনে ইসলামিক কালচারাল ফোরাম (আইসিএফ)-এর উদ্যোগে এবং কলেজ প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. আতোয়ার রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঈদ-ই মিলাদুন্নবী এর গুরুত্ব তুলে ধরে মুখ্য আলোচক অধ্যাপক ড. মো. আতোয়ার রহমান বলেন,”আল্লাহ এবং রাসুল (সাঃ)কে ভালবাসলে ইহকাল- পরকালের জীবন হবে সুশৃঙ্খল ও সুন্দর। জীবনে সফল হওয়ার জন্য ইসলামি শরিয়ত অনুযায়ী জীবন গড়তে হবে।যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হলে ইসলামি শরিয়ত মোতাবেক জীবন গড়ার কোনো বিকল্প নেই। আল-কুরআনের শিক্ষা ও নবীর (সাঃ) জীবনকাহিনীর দর্শন আলোচনার মাধ্যমে তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে চলার দিকসমূহ আলোচনা করেন।”
তিনি আরও বলেন, জীবনযাপন হতে হবে শৃঙ্খলাপূর্ণ। যুবক -যুবতীদের আমলনামা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই যৌবনকালের এই সময়টাতে শরীয়ত মেনে নিজেকে হেফাজত করে চলতে হবে। বর্তমান যুবসমাজের যে নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে, তা ঠেকাতে যুবসমাজকে সচেতন হতে হবে। নিজেদের চরিত্র গঠন করতে হবে এমনভাবে যেন এই যুবসমাজ যুবসম্পদে পরিণত হতে পারে।”
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, “ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে এই আয়োজন টির প্রধান উদ্দেশ্য হলো আমাদের শিক্ষার্থীদের প্রতি ইসলামের বার্তা পৌঁছে দেয়া। আমাদের যে ইসলামের সংস্কৃতি রয়েছে, সেই অনুযায়ী আমাদের বর্তমান যুবসমাজের চর্চা হোক। বিদ্বেষ, হিংসা, পাপকাজগুলো থেকে আমরা বিরত থাকি। আমরা আজ এই অনুষ্ঠান থেকে আমরা যা শিখলাম তা যদি জীবনে প্রয়োগ করতে পারি তাহলে এই প্রোগ্রামটি সার্থকতা লাভ করবে।”
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের আসন গ্রহণের পর আল-কুরআন থেকে তিলাওয়াত পাঠ করা হয়। আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও আইসিএফ এর উপদেষ্টা জনাব মুহাম্মদ আব্দুর রাকিব। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





















