স্পোর্টস ডেস্ক: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। ভারতের আয়োজনে আরব আমিরাতে বসবে এবারের আসর। যেখানে টাইগাররা খেলবে আবু ধাবিতে।
এশিয়া কাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তান। যাদের মাঝে গ্রুপের সেরা দুই দল যাবে সুপার ফোরে। ফলে গ্রুপপর্বে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে।
আগেই জানা গেছে, এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণ। যার পর্দা উঠবে ৯ সেপ্টেম্বর আর ফাইনাল মাঠে গড়াবে ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে।
এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আর ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
যেখানে মোট ৮টি ম্যাচ হবে আবু ধাবিতে। আর গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলে টুর্নামেন্টের বাকি ১০টি ম্যাচ হবে দুবাইয়ে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ফাইনাল ম্যাচও হবে দুবাইয়ে।




















