পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- আপডেট সময় : ১২:০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
আইসিসির এই টুর্নামেন্ট সামনে রেখে আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা করছে পাকিস্তান। ওই সময় পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বদলে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান। তাতে পাকিস্তান সঙ্গী করতে চায় লাল-সবুজ প্রতিনিধিদের। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার দিয়েছে এমন খবর।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক এখন বেশ উষ্ণ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি নিজে বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজে অন্তর্ভুক্ত করতে চান। এসিসির এজিএমে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছেন নাকভি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারেন তিনি।
ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা আলোর মুখ দেখলে বাংলাদেশ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া খেলবে সাত টি-টোয়েন্টি ম্যাচ। প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুদল ফাইনালে লড়বে শিরোপার জন্য।
তবে পাকিস্তান এখানে থামতে নারাজ। তারা আরো একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে ইচ্ছুক। এ জন্য আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পিসিবি। এই সিরিজটি এ বছর এশিয়া কাপের আগে হতে পারে। এ নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান মিরওয়াইস আশরাফ বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আগস্টে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা; কিন্তু আরব আমিরাতকেও যুক্ত করতে চাই। এশিয়া কাপের জন্য ত্রিদেশীয় সিরিজ বেশ সহায়ক হবে।’




















