হামজাদের দুই ম্যাচের জন্য থিম সং
- আপডেট সময় : ১২:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনেক হাইপ উঠিয়েছে। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের আগে আগামীকাল (বুধবার) ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য একটি থিম সং–টিভিসি বানাবে ফেডারেশন। এজন্য বাফুফেকে ৬০ লাখ টাকা প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
বাফুফে আনুষ্ঠানিক চিঠিতে খেলা আয়োজনের জন্য আর্থিক সহায়তা চাইলেও মূলত থিম সং এবং টিভিসি প্রচারের জন্যই তারা এই অর্থ ব্যয় করবেন বলে জানা গেছে। জাতীয় ক্রীড়া পরিষদ তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাফুফেকে ৬০ লাখ টাকা প্রদান করছে এই দুই ম্যাচ উপলক্ষ্যে। আগামীকাল সন্ধ্যায় ভুটান ম্যাচ। অথচ এখন পর্যন্ত ফুটবলাঙ্গনে থিম সং কিংবা মিডিয়ায় টিভিসি দেখা যায়নি। সিঙ্গাপুর ম্যাচ নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন এবং সামাজিক মাধ্যম সর্বত্র আলোচনা। এরপরও আবার টিভিসি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাফুফে একাধিক স্পন্সর পেয়েছে। এরপরও ম্যাচ আয়োজনের জন্য সহযোগিতা চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। ফুটবলের স্বার্থে দেশের সর্বোচ্চ ক্রীড়া সংস্থাটি বাফুফেকে তাৎক্ষণিকভাবে বরাদ্দ দিয়েছে। অথচ দেশের ক্রীড়াঙ্গনের প্রকৃত অভিভাবক এনএসসিকে বাফুফে এখনও ভুটান-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে রেখেছে ধূম্রজালে। আন্তর্জাতিক–ঘরোয়া যেকোনো খেলায় জাতীয় ক্রীড়া পরিষদের আসন সংরক্ষিত কিংবা কিছু সংখ্যক টিকিট পাওয়ার অধিকার রয়েছে। কারণ সকল ফেডারেশনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ এবং স্টেডিয়াম/ ক্রীড়া স্থাপনার মালিকানাও সরকারি এই প্রতিষ্ঠানের।




















