মিলিটারি অপারেশনস জোন নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ
- আপডেট সময় : ০৩:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতীক ডেস্ক: ভারতীয় গণমাধ্যম ‘নর্থইস্ট নিউজ’-প্রকাশিত ‘Bangladesh to declare Cox’s Bazar to Bandarban area as a Military Operations Zone’ শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (১ জুন) এক প্রতিবাদলিপিতে এ কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
প্রতিবাদলিপিতে বলা হয়, এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা।
প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী ‘সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’-এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যা একেবারে ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।




















