জাতীয় ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নতুন মোড় নিচ্ছে। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর গণঅনশন শুরু করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টার দিকে এই কর্মসূচির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
ঘোষিত কর্মসূচিসমূহের মধ্যে রয়েছে: চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত রাখা, ১৬ মে সকালে সাবেক ও বর্তমান জবিয়ানদের সমাবেশ, জুমার নামাজের পর গণঅনশন, প্রতিবছর ১৪ মে ‘জবি কালো দিবস’ পালন করা।
অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরেছিলাম, কিন্তু তার বদলে আমাদের উপর নির্মম হামলা চালানো হয়েছে। ৩৫ ঘণ্টা পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।”
আন্দোলনকারীরা এ আন্দোলনকে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ এবং গণতান্ত্রিক অধিকারের দাবিতে একটি শান্তিপূর্ণ প্রতিরোধ হিসেবে উল্লেখ করেছেন।





















