রাজশাহী কলেজে রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের সমাপনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থীরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে ) বেলা ১২ টায় রাজশাহী কলেজের মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান ৪৮ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ তায়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
এ সময় প্রফেসর মু. যহুর আলী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা শিক্ষার্জন করে ভবিষ্যতে শিক্ষক, উকিল, রাজনীতিবিদসহ অন্যান্য যেকোনো কর্মে নিয়োজিত হবে। তবে যে পেশাতেই নিয়োজিত থাকো তাতে যেন তোমরা সৎ থাকতে পারো।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তারা যেন ভবিষ্যতে জুলাই অভ্যুত্থানের আদর্শকে ধরে রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শেষে ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রুহুল আমিন ও সুলতানা পারভীন রুকুর সঞ্চালনায় পুষ্পস্তবকের মাধ্যমে অতিথিদের বরণ করে নেন রাষ্ট্রবিজ্ঞান এর ৪৮ তম ব্যাচেট শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ জাকি মুজাহিদ। বিভাগের সকল শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন ৩য় বর্ষের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান ৪৮ তম ব্যাচের শিক্ষার্থীরা বিদায়ী মুহূর্তে তাদের এই ক্যাম্পাসে অনার্স জীবনের স্মৃতিচারণ নিয়ে অনুভূতি ব্যক্ত করেন। বক্তব্য পর্ব শেষে অতিথিবৃন্দরা স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান-আবৃত্তির ছন্দে সমাপনী মুহুর্তকে চিরস্মরণীয় করে প্রিয় ক্যাম্পাস কে বিদায় জানায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থীরা।





















