দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
- আপডেট সময় : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। ফলে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিস বলছে, এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে চট্টগ্রামের সীতাকুন্ডে দেশের সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি



























