রাবিতে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই’, ‘দিয়েছি যে রক্ত, আরো দিব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’,’রায়হান-সাকিব-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেজড়বৃত্তিক রাজনীতি চলবে না চলবে না’, ‘দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান’, ‘এক দুই তিন চার চুপ্পু তুই গদি ছাড়’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে মো. সাহাবুদ্দিন বক্তব্য দিয়ে মিথ্যাচার করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে পদত্যাগ করতে হবে। এছাড়া ছাত্রলীগকে ক্যাম্পাসে নিষিদ্ধ করে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ এবং সর্বস্তরের আওয়ামী সন্ত্রাসী-কুশীলবদের বিচার করতে হবে। এই দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের অপচেষ্টা কখনোই সফল হবে না।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, চুপ্পু (মো. সাহাবুদ্দিন) আপনি ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা আপনার কাছে পদত্যাগ পত্র জমা দেয় নাই, এ দিয়ে আপনি কী ইঙ্গিত করতে চাচ্ছেন? আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, কোনো অবস্থাতেই আর কোনো ধরনের ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। যে কুমিল্লা সীমান্তে আপনারা এক হয়ে এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন, আপনাদের এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
এই অভ্যুত্থানে দুই হাজারের অধিক শহীদ হয়েছে প্রয়োজনে লাখো শহীদ হবে। আর কোন অবস্থাতেই আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার এই দেশের মাটিতে পা রাখতে পারবে না। আর কোনো অবস্থাতেই আওয়ামীলীগ এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না। এ জন্য ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানাতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে যদি প্রথম শহীদ হতে হয়, সেই শহীদ যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হয়। ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে যদি প্রথম শহীদ হতে হয়, সেই শহীদ যেন মেহেদী সজীব হয়।
আরেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন ‘আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি কোনো স্বৈরতন্ত্রে লিপ্ত হন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়টা দাবির মধ্যে একটা ছিলো ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। এই ক্যাম্পাসে শোডাউনের রাজনীতি, হল দখলের রাজশাহী, গেস্টরুমের রাজনীতিকে এক হতে দেয়া যাবে না। আওয়ামীলীগের দোসররা বিভিন্ন সময় আমাদের আন্দোলনকে উৎখাত করার চেষ্টা করেছে। আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে।
আওয়ামীলীগের সেই দোসরা এখনো ক্যাম্পাসে অবস্থান করছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের পরীক্ষা দিতে সাহায্য করছে। আমরা প্রশাসনকে বলতে চাই তাঁদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই আন্দোলন থেকে রাষ্ট্রপতিকে আমি আবারও হুঁশিয়ারি দিচ্ছি আপনি অতি দ্রুত পদত্যাগ করুন। যদি না করেন তাহলে সেই জুলাই আগষ্টের মতো এই প্যারিস রোড় আবার স্লোগানে স্লোগানে প্রকম্পিত হবে।’
প্রসঙ্গনিউজ২৪/জে.সি
























