রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন
- আপডেট সময় : ০৭:১৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ মঙ্গলবার সকালে নগরীর উপশহর ক্যান্টনমেন্টের পাশে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশের সামগ্রিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার উন্নতি বিধানকল্পে দেশিয় ও আন্তর্জাতিক চাহিদা মোতাবেক বিভিন্ন প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করার লক্ষ্যে ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’ (NOSHTRI) উদ্বোধন হয়েছে। রাজশাহী জেলার রাজপাড়া থানার তেরখাদিয়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক একটি উল্লেখযোগ্য স্থান হতে চলেছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান। আরও উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থা’র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাবিব উল্লাহ, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুওমো পুটিআইনেন; বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’ এর হেড অফ প্রধান মাহফুজুর রহমান ভূঁইয়াসহ প্রমুখ। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি উন্নয়ন অংশীজন, সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দও সেসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ আবদুর রহিম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বিগত দুই দশকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশ ধীরে ধীরে কৃষিভিত্তিক অর্থনীতির দেশ ছাড়িয়ে শিল্প ও সেবা-নির্ভর অর্থনীতির দেশে পরিণত হচ্ছে। অতীতে আরএমজি ও নন-আরএমজিসহ বিভিন্ন কারখানায় ভবন ধস এবং অগ্নি দুর্ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনা দেশের সামগ্রিক পেশাগত স্বাস্থ্য-সুরক্ষার কাঠামোয় দুর্বলতাগুলোকে চিহ্নিত করেছে। তাই বিদ্যমান শ্রম আইন এবং আন্তর্জাতিক মানদণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের শিল্পখাতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠানটি, এবং আমি তাদের সার্বিক সফলতা কামনা করছি।”
বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, “কারখানার মালিক, শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মচারীকে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ প্রদান ও এ বিষয় গবেষণা সম্পাদনের লক্ষ্যে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ আবদুর রহিম খান বলেন, “দেশে শিল্প বিকাশের ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশির পেশাগত দুর্ঘটনা, স্বাস্থ্য-নিরাপত্তা ঝুঁকির মতো সমস্যাও সৃষ্টি হয়েছে। এই সমস্যা নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই ইনস্টিটিউট। দেশের শিল্পখাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শ্রম অধিকার রক্ষা ও উন্নত কর্মপরিবেশ বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। ফলে, আন্তর্জাতিক পর্যায়ে দেশিয় পণ্যের ব্র্যান্ডিং ইমেজ বৃদ্ধি সহজতর হবে।”
আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুওমো পুটিআইনেন বলেন, “আমরা আশা করি শ্রমিক, ব্যবস্থাপক, ও নীতিনিরধারকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি NOSHTRI শ্রমমান বিষয়ক জ্ঞান বিকাশ ও প্রসারের জন্য একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হবে। আন্তর্জাতিক শ্রমমানের সাথে সংগতিপূর্ন নিরাপদ কর্মক্ষেত্রের সংস্কৃতি তৈরির মাধ্যমে NOSHTRI পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক নতুন প্রজন্মের বিষেশজ্ঞদের গড়ে তুলবে।”
প্রসঙ্গনিউজ২৪/জে.সি





















