“নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার” শীর্ষক এক মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৩:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীর কাকনহাটে “নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে কাকনহাট পৌরসভা অডিটোরিয়ামে ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী’র সহায়তায় সিসিবিভিও, রাজশাহী ‘রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় নাগরিক সমাজ, সাংবাদিক ও বিভিন্ন অধিকার ভিত্তিক সংগঠনের সাথে রক্ষাগোলা প্রতিনিধিদের এই সভা আয়োজন করে।
সিসিবিভিও সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন রক্ষাগোলা মডেল গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল।
বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিও কোষাধ্যক্ষ ও ব্লাস্ট রাজশাহীর সমন্বয়ক সামিনা বেগম। সভা সঞ্চালনায় ছিলেন সিসিবিভিও পরিবীক্ষণ ও তথ্য-প্রযুক্তি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন ও কর্মসূচি সমন্বয়কারী আরিফ ইথার।
বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল বলেন, ‘দেশের সকল ক্ষেত্রে আজ বৈষম্য বিদ্যমান। রাজনৈতিক ক্ষেত্রেও বৈষম্য আছে। যেমন গ্রামের রাজনীতি আর শহরের রাজনীতির পার্থক্য আছে। গ্রামের নেতা শহরের নেতার সামনে কথা বলতে পারেন না।
ছোট নেতা বড় নেতার সামনে কথা বলতে পারেন না। আমরা যারা কৃষির সাথে জড়িত তাদের রাজনৈতিক প্রতিহিংসায় নিজেরা নিজেরা হানাহানি করা ঠিক নয়। আমাদের উচিৎ পাড়া ভিত্তিক ঐক্যের চর্চা করা। সিসিবিভিও কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়।
সিসিবিভিও কাজ করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। সবদলের অংশগ্রহণে গ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমরা আমাদের বক্তব্যে তিনটি আহ্বান জানিয়েছি, আপনারা সে অনুযায়ী নাগরিক কমিটি গঠন করুন, আমরা আপনাদের পাশে আছি।’
সভাপতি বলেন, “বর্তমানে যে সমস্ত দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা কোন রাজনৈতিক দলের নয়। অসহায় আদিবাসীদের রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি
























